তৃণমূলের ব্যানারের উপর বিজেপির পোস্টার, উত্তেজনা কৃষ্ণনগর উত্তরে

Spread the love

রোজদিন ডেস্ক :  হাতে গোনা কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। সেই প্রেক্ষিতে নদীয়া জেলার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রজুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত জোরকদমে প্রচার চালাচ্ছেন—কখনও পদযাত্রা, কখনও টোটোয় চেপে জনসংযোগ, আবার কোথাও দেওয়াল লিখন বা ব্যানার-পোস্টারে ভরে উঠছে এলাকা।

এই আবহেই সামনে এল এক বিতর্কিত ঘটনা। কৃষ্ণনগর উত্তর বিধানসভার চাষাপাড়া অঞ্চলে, বুড়িমা মন্দিরের বিপরীতে, তৃণমূল কংগ্রেস-এর প্রার্থী সোমনাথ দত্ত-র সমর্থনে লাগানো একটি নির্বাচনী ব্যানারের উপর বিজেপি-র প্রার্থী তারক নাথ চ্যাটার্জি-র লিফলেট সাঁটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে “রাজনৈতিক নোংরামি” বলে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবেই তাদের প্রার্থীর প্রচার ব্যাহত করতে এই কাজ করা হয়েছে এবং এর পিছনে বিজেপির হাত রয়েছে।

অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের নেতাদের বক্তব্য, কে বা কারা এই কাজ করেছে সে সম্পর্কে তাদের কোনও সুনির্দিষ্ট ধারণা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে।

ভোট যত এগিয়ে আসছে, ততই এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। ফলে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে এই ঘটনা নতুন করে উত্তেজনার পারদ চড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*