রোজদিন ডেস্ক : “ছোট বিশ্বাস” আগেই গরাদের ভিতর। এবার কি তাঁর পালা? যুবভারতীর মেসি-কাণ্ডে গ্রেফতারের আশঙ্কায় তটস্থ রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই আবহে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন গ্রেফতারি এড়াতে মরিয়া অরূপ। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন অরূপের আইনজীবী। চান জরুরি ভিত্তিতে আবেদনের শুনানি ও আইনি রক্ষাকবচ। কিন্তু হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন, জরুরি ভিত্তিতে মামলার শুনানির অনুমতি দেওয়া সম্ভব নয়। প্রয়োজনে উনি ক্রিমিনাল বেঞ্চে মামলা দায়ের করতে পারেন। এদিকে আজ সোমবার সকালেই অরূপ বিশ্বাসকে বিধাননগর থানায় তলব করা হয়েছে। পুলিশের তরফে তলবের চিঠি নিয়ে রবিবার অরূপের নিউ আলিপুরের বাড়িতেও যাওয়া হয়েছিল। কিন্তু বাড়িতে কেউ না থাকায় তাঁরা চিঠিটি দরজায় সাঁটিয়ে দিয়ে আসেন। এখন তিনি হাজিরা দেন কিনা সেই দিকেই সকলের নজর। এদিন হাইকোর্টে আবেদনে অরূপ জানান যে, তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেও যে কোনও সময় গ্রেফতারির আশঙ্কা করছেন। গত ১৩ মে এই অভিযোগ দায়ের হয়েছে। যে ঘটনা নিয়ে অভিযোগ তা ৬ মাসের পুরনো। এতদিন পর পুলিশ পদক্ষেপ করছে। সোমবারই তাঁকে তলব করা হয়েছে। কিন্তু তাঁর আর্জি পত্রপাঠ খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, গ্রেফতারের আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করুন। জরুরি ভিত্তিতে মামলার শুনানির অনুমতি দেওয়া সম্ভব নয়। স্বাভাবিক নিয়মে মামলা করুন। ঠিক সময়ে মামলা না উঠলে এখানে বলবেন।

Be the first to comment