রোজদিন ডেস্ক :
আজ হুগলির তারকেশ্বরে মহা সমারোহে রাজ্যের প্রথম বিজেপি সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালন হতে চলেছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রমুখ বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় এই রাজ্য ভারতের অংশ হিসাবে থাকার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের কথা বলেন। তিনি ও স্বরাষ্ট্রমন্ত্রী সমাজ মাধ্যমে বাংলায় এই রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি, মনীষিদের কথা উল্লেখ করে বার্তা দেন। দেশের ইতিহাসে এই রাজ্যের সার্বিক অবদানের কথা বলেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে সমাজ মাধ্যমে দীর্ঘ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে প্রাক্তন সরকারকে বিঁধে তিনি বলেন, রাজ্যের ইতিহাসকে মুছে ফেলার যে ঘৃণ্য চক্রান্ত হয়েছিল, তার অবসান হয়েছে। ভোট ব্যাঙ্ক ও তোষণের রাজনীতির এক অন্ধকারময় অধ্যায়ের অবসান হয়েছে।
প্রাক্তন সরকার এর জন্য এই পবিত্র দিনটির গুরুত্বকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলেও তিনি তোপ দাগেন। সেই ঐতিহাসিক ভুল সংশোধন করে তাঁদের সরকার রাজ্যের প্রকৃত ইতিহাসকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছে বলে দাবি করেন।
মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ ও তৎকালীন আইনসভার সদস্যরা, যাঁদের ঐকান্তিক প্রচেষ্টা, দূরদর্শিতা ও ঐতিহাসিক সিদ্ধান্তর ফলে এই রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়েছে তাঁদের সবার ঋণ অপরিশোধ্য বলে জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান, বাণিজ্য, আধ্যাত্মিকতা, সমাজ সংস্কার ও আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে এই রাজ্যের অবদান ভারতের ইতিহাসকে সমৃদ্ধ করেছে বলেন৷
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজ্ঞান, সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম সহ সব পর্যায়ে রাজ্যের অবদান স্মরণ করেন।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এক সংক্ষিপ্ত বার্তায় পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।
আজ বিকেল তিনটের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি তে তারকেশ্বরে মহা সমারোহে দিনটি পালন করা হবে। এই উপলক্ষে এলাকা কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বহু বিশিষ্ট ব্যক্তির সমাগমে এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বেশ কিছু প্রকল্পও ঘোষণা করবেন।

Be the first to comment