সব্যসাচী দত্তের জেরায় নতুন বিস্ফোরণ, তেহট্টে তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার কোটি টাকার সোনা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, নদীয়া :

তৃণমূলের প্রাক্তন হেভিওয়েট নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে ঘিরে চলা আর্থিক দুর্নীতির তদন্তে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল সোমবার গভীর রাতে নদিয়ার তেহট্টে জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কিলোগ্রাম সোনার অলঙ্কার উদ্ধার করেছে। বর্তমান বাজারদরে যার মূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজি, জবরদখল এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে গ্রেফতার হওয়া সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদের সময় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে তদন্তকারীদের। সেই সূত্র ধরেই তাঁকে সঙ্গে নিয়ে তেহট্টে অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টার তল্লাশির পর বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার করা হয় এবং তা বাজেয়াপ্ত করা হয়েছে।

এর আগে রাজারহাটে সব্যসাচী দত্তের ফ্ল্যাট ও বিভিন্ন ব্যাঙ্ক লকারে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজিরও বেশি সোনা, সোনা কেনার রসিদ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল। তদন্তকারীদের দাবি, অবৈধ উপার্জনের অর্থ সোনায় বিনিয়োগ করে তা ঘনিষ্ঠদের মাধ্যমে সংরক্ষণের একটি সম্ভাব্য চক্রের সন্ধান মিলেছে।

উদ্ধার হওয়া সোনার উৎস, ক্রয়ের অর্থের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*