প্রতিবেদন: আগামীকাল মহরম। প্রতি বছরের মতো এবারও রাজ্যজুড়ে পালিত হবে পবিত্র মহরম। শান্তিতে ও নির্বিঘ্নে মহরম পালনের জন্য এবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। মহরমের মিছিল নিয়ে নির্দেশিকায় কলকাতা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনও শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন করা যাবে না। মঙ্গলবার শহরের সমস্ত থানাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই নতুন শোভাযাত্রার অনুমতি দেওয়া যাবে না। আগামী ২৬ জুন মহরম পালিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ডিসি পদমর্যাদার আধিকারিকদের উপস্থিতিতে থানাগুলির সঙ্গে বৈঠক করে লালবাজার। তারপরই এক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়েছে, মাইক ব্যবহার করা হলেও তা উচ্চ আদালতের নির্দেশিকা মেনে নির্দিষ্ট শব্দসীমার মধ্যে রাখতে হবে। ডিজে বাজানো যাবে না। অতিরিক্ত উঁচু তাজিয়া তৈরি না করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোনও ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। কোনও উস্কানিমূলক বা সংবেদনশীল বার্তা প্রচারও করা যাবে না। পাশাপাশি শোভাযাত্রার রুট নিয়েও সতর্ক পুলিশ। যারা এত বছর ধরে মিছিল করছেন শুধু তাদেরই অনুমতি দেওয়া হবে। মহরম উপলক্ষে শুক্রবার কলকাতার রাস্তায় বাড়তি পুলিশ মোতায়েন থাকবে।

Be the first to comment