রোজদিন ডেস্ক :
কোচবিহারের শীতলকুচিতে গতকাল তাঁর গাড়িতে দেদার ডিম ছোঁড়া হয়েছিল। অভিযোগের তির বিজেপির দিকে। গাড়িতে ডিম ছোঁড়ার অভিযোগ নিয়ে আজ উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন মীনাক্ষী মুখার্জি। আজ তাঁর আইনজীবী অভিষেক হালদার উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলে তিনি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। তা দায়ের হলে নিয়ম মেনে এর শুনানি হবে বলে জানান।
শীতল কুচিতে গরু নিয়ে যাওয়ার সময় নিরীহ মন্টু মিঞাকে গোরক্ষকরা খুন করে বলে তাঁর পরিবারের অভিযোগ। গতকাল তাঁর বাড়ি ও মুম্বাইয়ে মৃত এক পরিযায়ী শ্রমিকের বাড়ি যাচ্ছিলেন মীনাক্ষী মুখার্জি, অনন্ত রায়, অলকেশ দাস প্রমুখ সিপিএম নেতারা। পথে তাঁদের গাড়ি আটকে বিজেপি কর্মীরা দেদার ডিম ছুঁড়ে তান্ডব চালায় বলে অভিযোগ। মীনাক্ষী মুখার্জিকে মারার চেষ্টা হয় বলে সিপিএমের অভিযোগ। পুলিশের সামনেই এই সব চলে বলে জানান তাঁরা।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর বিরোধীদের লক্ষ্য করে দেদার ডিম ছোঁড়া চলছে। আদালত, বিজেপি রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী প্রমুখ কারও কথা মানা হচ্ছে না৷
এরপর ডিমের বদলে ঢিল পড়বে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।
কিভাবে এই ডিম ছোঁড়া বন্ধ করা যায় তা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল। ইতিমধ্যে বাজারে ডিমের দামও বেড়েছে। যদিও তা ডিমথেরাপির জন্য কিনা মানতে চান না ব্যবসায়ীরা।
বামফ্রন্ট সভাপতি বিমান বসু ও এই ভাবে ডিমের মত পুষ্টি কর খাবার ছুঁড়ে তা নষ্ট করার বিরোধিতা করেছেন।

Be the first to comment