রোজদিন ডেস্ক :
রাজ্যে জনগণনার কাজে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, করণিকদের নিয়োজিত করার জন্য নির্দেশিকা জারি হতে চলেছে। কলকাতার বিশেষ পুর কমিশনার এই মর্মে কলকাতার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস-কে বুধবার চিঠি দিয়েছেন।
এর আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের চিঠি দেওয়া হলেও বেশির ভাগ স্কুলই এই বিষয়ে তাঁদের অপারগতার কথা জানান। এসআইআর পর্ব থেকে বিধানসভা নির্বাচন, সিংহভাগ কাজের দায়িত্বই ছিল শিক্ষক-শিক্ষিকাদের ওপর। ফলে বহু স্কুলে পড়ুয়াদের পড়াশোনা ও ব্যাহত হয়েছে। ফের এই কাজ শুরু হলে স্কুলগুলি সমস্যায় পড়বে বলে মনে করা হচ্ছে।
বিশেষ পুর কমিশনার মনে করিয়ে দিয়েছেন, জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কাজ। আগামী বছর থেকে দু-দফায় শুরু হওয়া এই কাজে শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষাদানকারী, করণিক প্রমুখকে নিয়োজিত করা আবশ্যক।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংবা অধিকারী প্রশ্ন তুলেছেন, এই কাজে শিক্ষিত বেকারদের নিয়োগ করতে আপত্তি, বাধা কিসের? বারবার শিক্ষক শিক্ষিকাদের এই সব কাজে নিয়োজিত করায় পড়ুয়াদের পঠন-পাঠন ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়ে চিন্তা ভাবনা করতে তিনি সংশ্লিষ্ট দফতরকে আর্জি জানান।

Be the first to comment