প্রতিবেদন: তোলাবাজির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তৃনমূলের দেবরাজ চক্রবর্তী। তদন্তের জন্য তৈরি হয়েছে এসআইটি। এবার আরও বিপাকে পড়লেন দেবরাজ। তোলাবাজি, মারধর, হুমকি, সিণ্ডিকেটরাজ-সহ একাধিক অভিযোগে পুলিশের জালে এবার দেবরাজ চক্রবর্তীর দুই ছায়াসঙ্গী কল্যাণ মুখোপাধ্যায় ও অমর নস্কর। বুধবার রাতে তাদের গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই এরা দেবরাজের ছায়াসঙ্গী বলেই এলাকায় পরিচিত মুখ। একই সঙ্গে আরও এক কাউন্সিলর সমরেশ চক্রবর্তীরও ঘনিষ্ঠ এই অমর ও কল্যাণ। স্থানীয়দের অভিযোগ, এরাই দেবরাজ, সমরেশদের হয়ে এলাকা শাসন ও লুঠপাট করতো। ফলে এই দু’জনের গ্রেফতারিতে আরও বেকায়দায় পড়লেন দেবরাজ চক্রবর্তী। আজ ধৃতদের আদালতে তোলা হবে। তাঁদের বিরুদ্ধে জোর করে জমি দখল,প্রাণনাশের হুমকি, ভয় দেখানো, প্রতারণা, তোলাবাজি-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানা। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা শুভজিৎ নস্করের রঘুনাথপুর এলাকায় ৩৩ কাঠা জমি ছিল। ২০২২ সালে ওই জমিতে বহুতল বানানোর জন্য এক প্রোমোটারের সঙ্গে চুক্তি করেন তিনি। কিন্তু অভিযোগ, চুক্তি হওয়ার পরই হাজির হয় অমর, কল্যাণ ও তাঁদের সাঙ্গপাঙ্গোরা। তাদের থেকে নির্মাণ সামগ্রী নিতে হবে না হলে কাজ করতে দেওয়া হবে না। দাবি না মানায় শুরু হয় ভয় দেখানো। আরও অভিযোগ, পুলিশের কাছে গিয়েও কোনও লাভ হয়নি। উল্টে জমি মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পালাবদলের পর জমি মালিকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ।

Be the first to comment