আর্জেন্টিনা: ৩ (ম্যাক অ্যালিস্টার, আলভারেজ, লটারো)
সুইজারল্যান্ড: ১ (এনডয়ে)
প্রতিবেদন: চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত খুব উজ্জ্বল নয় দিয়েগো মারাদোনার দেশ। কেপ ভার্দের মতো অখ্যাতদের কাছে প্রায় আটকে গিয়েছিল মেসি ব্রিগেড। এরপর ইজিপ্টের বিরুদ্ধেও জয় নিয়ে তুমুল বিতর্ক। সেই ধারা বজায় রইল শেষ আটেও। দশজনের সুইসদের হারাতেও একস্ট্রা টাইমে যেতে হল আর্জেন্টাইনদের। শেষ পর্যন্ত অবশ্য ৩-১ এ ম্যাচ জিতে সেমিতে ইংল্যান্ডের সামনে তারা। তবে এই ধারা বজায় থাকলে ইংল্যান্ডকে টপকানো কঠিন হবে।রবিবার সকালে ম্যাচের শুরুটা ভালো হয়েছিল আর্জেন্টিনার। প্রথম গোল করেন আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার। কর্নার থেকে মেসির নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে জালে বল জড়িয়ে দেন ম্যাক। কিন্তু ওই গোলের পর মিইয়ে যায় তারা। সেই সুযোগে ম্যাচে ফেরার চেষ্টা করে সুইজারল্যান্ড। কিন্তু প্রথমার্ধে সুইজারল্যান্ড যে সমতা ফেরাতে পারল না তার জন্য কৃতিত্ব দিতে হবে আর্জেন্টাইন গোলকিপারকে। দ্বিতীয়ার্ধেও দাপট ছিল সুইসদেরই। এবারও বার কয়েক কঠিন পরীক্ষায় পড়তে হল দিবুকে। প্রতিবার তিনি দলকে রক্ষা করলেন। শেষে ৬৭ মিনিটে অনবদ্য টিম গোলে সমতা ফেরালেন সুইজারল্যান্ডের এনডয়ে।৭২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখলেন সুইজারল্যান্ডের এমবোলো। ১০ জন হয়ে গেল সুইসরা। তারপরও ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও ১০ জনের সুইস ডিফেন্সকে খুব বেগ দিতে পারেনি আর্জেন্টিনা। কিন্তু গোটা ম্যাচে সেভাবে নজর কাড়তে না পারলেও ওই সময় জ্বলে উঠলেন আলভারেজ।।বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য গোল করে মেসিদের এগিয়ে দিলেন। পরে আরও একটি গোল আসে নীল-সাদা ব্রিগেডের শেষ চারের টিকিট কনফার্ম করেন লটারো মার্টিনেজ।

Be the first to comment