প্রতিবেদন: নগদের পরিমাণ ২৮ কোটি ৫০ লক্ষ। সঙ্গে প্রায় ১৫ কেজি সোনা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। হ্যাঁ, এই পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হল বীরভূমের বাসিন্দা অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ পেশায় বাসচালক মিনার মণ্ডলের বাড়ি থেকে। গোটা ঘটনায় তাজ্জব পুলিশ আধিকারিকরা। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছিল টাকা গোনার কাজ। আনা হয় একাধিক মেশিন। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একটানা ২৫ ঘণ্টা ধরে চলল টাকা গোনার কাজ। টাকা যেন শেষই হচ্ছিল না। বান্ডিল-বান্ডিল নোট বেরতে থাকে আলমারি থেকে। অবশেষে বৃহস্পতিবার সকালে শেষ হল টাকা গোনার কাজ। জানা গেল টাকার অঙ্ক দাঁড়িয়েছে ২৮ কোটি ৫০ লক্ষতে। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে ১৫ কেজি সোনাও। যার আনুমানিক বাজার মূল্য ৫০ কোটি টাকা। এত সোনা ও এত টাকা যার বাড়ি থেকে বেরল সেই মিনার মণ্ডল আদতে হলেন পাথর ব্যবসায়ী একদা তৃণমূল-ঘনিষ্ঠ টুলু মণ্ডলের শ্যালক। বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার দেউচা বাস স্ট্যান্ডের পাশেই মিনারও মণ্ডলের বাড়ি। ছোটখাট একতলা রং চটা বাড়ি। চোখে পড়ার মত নয়। কিন্তু সেই বাড়ির ভিতরে থাকা আলমারিতে যে এমন গুপ্তধন লুকিয়ে ছিল কে জানতো? পুলিশ ইতিমধ্যেই মিনার মণ্ডলকে গ্রেফতার করেছে। তার বাড়ি সিল করা হয়েছে। পরিবারের বাকি সদস্যরা বাড়িছাড়া।

Be the first to comment