রোজদিন ডেস্ক :
ভয় দেখিয়ে জেন জি-কে নীরব রাখা যাবে না বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ তোপ দাগেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে নিশানা করে সমাজ মাধ্যমে তিনি লেখেন, ভয় দেখিয়ে জেন জি কে চুপ করানো যাবে না। পড়ুয়া দের সঙ্গে যা ব্যবহার করা হয়েছে, এর জন্য প্রধানমন্ত্রীকে তিনি সতর্ক (কেয়ারফুল) থাকতে বলেন। রাহুল গান্ধী জানান, “প্রথমে আপনারা ওদের হাড় ভেঙেছেন। এখন তাদের বিরুদ্ধে এফআইআর করছেন, সমাজমাধ্যমে অ্যাকাউন্ট সরিয়ে দিচ্ছেন! আপনারা দেশের অতীত। দেশের ভবিষ্যতের সঙ্গে কি ব্যবহার করছেন, সতর্ক থাকুন।”
বিরোধী নেতার এই পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ কথা বলার দায়ে রুচিকা সিং (২৫)
এর বিরুদ্ধে পুলিশের এফআইআর নিয়েই বিরোধী নেতার এই তোপ বলে সূত্রের খবর।
এর বিরুদ্ধে মুখ খুলেছে ককরোচ জনতা পার্টিও। দলের মুখপাত্র সৌরভ দাস বলেন, রুচিকা সিং এর মন্তব্য ভুল হতে পারে, কিন্তু তাঁর বিরুদ্ধে এমন কড়া ব্যবস্থা নেওয়াও উচিত নয়। কুরুচিপূর্ণ কথার জন্য তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি মানহানির মামলা করতে পারেন। কিন্তু প্রতিবাদী দের বিরুদ্ধে অপরাধমূলক ব্যবস্থা নেওয়াও ঠিক নয়। প্রতিবাদের সময় নিজেদের ভাষা ব্যবহার খেয়াল রাখার জন্যও তিনি তরুণদের অনুরোধ করেন। পুলিশ কেও রাজনৈতিক কারণে ক্ষমতার অপব্যবহার না করে শান্ত, সংযত থাকতে বলেন সিজেপি নেতা।

Be the first to comment