রোজদিন ডেস্ক : রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির আইনি কাঠামো তৈরি করতে সংশোধনী বিল আনছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১০ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ একদিনের অধিবেশনে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পেশ করা হবে। বিলটি আইনে পরিণত হলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পারস্পরিক বদলি সম্ভব হবে।
মুখ্যমন্ত্রীর যুক্তি, পুরনো ও অভিজ্ঞ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা প্রশাসনিক কর্মীরা নতুন বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানে পরিকাঠামো, গবেষণা, পাঠদান এবং প্রশাসনিক দক্ষতা উন্নয়নে সাহায্য হবে। মানব সম্পদের আদান-প্রদানের মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয়গুলির বিকাশ ত্বরান্বিত হবে বলেও তাঁর দাবি। বিধানসভার ওই বিশেষ অধিবেশন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। তার আগে প্রথা অনুযায়ী বিলটি রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে।

Be the first to comment