রোজদিন ডেস্ক : অফিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়। এই যুক্তিতে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর খালি করার নোটিশ দিয়েছে দমকল দফতর। সেই নোটিশের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল। সোমবার তারা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে। শুনানির পর তৃণমূলের আর্জি মেনে নিয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। কিছুদিন আগে সেখানে বিলবোর্ড খুলতে গিয়ে পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা অভিষেক অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। তার মধ্যেই দমকল বিভাগ ভবনের মালিককে একটি নোটিস দেয়। অভিযোগ, সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়। তাই অবিলম্বে তা খালি করতে হবে। এর পর মালিকপক্ষ তৃণমূলকে ওই দুটি তলা খালি করার নির্দেশ দেয়। এবার দমকলের ওই নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেল তৃণমুল। বিচারপতি রাওয়ের পর্যবেক্ষণ, অভিষেকরা ভাড়াটিয়া। তাঁদের কি জায়গা খালি করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে? মালিকপক্ষ কেন আদালতে আসেননি, সেই প্রশ্নও তোলেন বিচারপতি।

Be the first to comment