CM Suvendu Adhikari :প্রতি সপ্তাহে আদিবাসীদের বাড়ি পুষ্টিকর খাবার, সঙ্গে আরও ঘোষণা

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্য সরকার প্রতি সপ্তাহে আদিবাসী, জনগোষ্ঠীর মানুষদের বাড়ি পুষ্টি কর খাবার পৌঁছে দেবে। আজ ঝাড়্গ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। এর ফলে ঝাড়্গ্রামের ২৫ হাজার ও পশ্চিম মেদিনীপুরের ৪৫ হাজার পরিবার উপকৃত হবে। তিনি আজ ঝাড়্গ্রামের লোধা, শবর অধ্যুষিত কালঝরিয়ায় এক সরকারি কর্মসূচিতে যোগ দেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর হাসপাতালে রোগীদের খাবারে বরাদ্দ বৃদ্ধি সহ কি কি কাজ হয়েছে তার ফিরিস্তি দেন। জানান, রেশনের বাইরে আদিবাসী, জনজাতিদের বাড়ি প্রতি সপ্তাহে পুষ্টি কর খাবার দেওয়া একটি অতিরিক্ত প্রকল্প। তাঁরা যাতে পুষ্টি কর খাবার থেকে বঞ্চিত না হন, এই উদ্দেশ্যেই তা চালু করা হোল।

ঝাড়্গ্রামের এই সভা থেকে তাঁদের জন্য আরও একগুচ্ছ কল্যাণ প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বলেন, তফসিলি – জনজাতির বার্ধক্য ভাতা বৃদ্ধি করে দেড় হাজার টাকা হয়েছে৷ তাঁদের দুই লক্ষ পড়ুয়াকে আটশো টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেন তিনি। ঝাড়্গ্রাম, বাঁকুড়ায় আদিবাসী বিশ্ববিদ্যালয় হবে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, উনি গোটা পশ্চিমাঞ্চলে ছয় কোটি টাকার কাজ করেছিলেন। তিনি এই অঞ্চলের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। এখানকার উন্নয়নের জন্য ৩৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁদের সরকার পশ্চিমাঞ্চল কে বঞ্চিত করবে না বলে দৃঢ়ভাবে জানান মুখ্যমন্ত্রী। বলেন, আদিবাসী মহিলা সমৃদ্ধি যোজনাও চালু হচ্ছে। ১২৫ দিনের কাজের গ্যারান্টিও দেন। নতুন করে জব কার্ডও দেওয়া হবে বলে জানিয়ে দেন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*