এবছর বাংলাদেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে দুর্গাপুজো হচ্ছে। আর ঢাকাতে এবার পুজো হচ্ছে ২৩৪টি। ঢাকাসহ সারাদেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। রয়েছে স্বেচ্ছাসেবক বাহিনীও। ঢাকা মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গণে পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ঢাকেশ্বরী মণ্ডপে পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছা রক্তদানও হবে।
এছাড়া ঢাকায় রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপ, গুলশন-বনানী সর্বজনীন পূজা পরিষদ মণ্ডপ, রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রম, বরোদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান, সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির, ভোলানাথ মন্দির আশ্রম, জগন্নাথ হল, ঋষিপাড়া গৌতম মন্দির, বাসাবো বালুর মাঠ, শাঁখারিবাজারের পানিটোলা মন্দিরসহ অন্যান্য মণ্ডপে দুর্গোৎবের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এবছর সবচেয়ে বেশি পূজামণ্ডপ তৈরি করা হয়েছে সূত্রাপুর থানায়। তবে অন্য বছরের মতো এবারো এলাকাভিত্তিক মণ্ডপ তৈরিতে এগিয়ে আছে শাঁখারিবাজার ও তাঁতিবাজার।
এদিকে পূজা উপলক্ষে কেনাকাটার ধুম পড়েছে। বাংলাদেশেও এবার থিম বা নির্দিষ্ট বিষয়ভিত্তিক মণ্ডপ ও প্রতিমা নির্মাণের প্রবণতা বেড়েছে। কোথাও প্রাচীন রোমান দেবদেবীর মতো প্রতিমা বানানো হয়েছে। পদ্মফুলের ওপর প্রতিমা, গহীন অরণ্যে দুর্গা, মহাপ্রলয়ের মাঝখানে, বরফের পাহাড়ে শ্বেত শুভ্র বসনে, গাছের মধ্যে, এমনকী মহাকাশের আবহে রোবোটের চেহারায় গড়া হয়েছে দুর্গাকে।

Be the first to comment