প্রতীকী ছবি,
প্রতিবেশী এসে নালিশ করেছিলেন মেয়ের বিরুদ্ধে। আর তাই রাগে মেয়ের পিঠে লাঠির বাড়ি মারে মা। নিজের জীবন দিয়ে সেই শাসনের মাশুল দিল ছ’বছরের ছোট্ট ঋতিকা।
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে। পুলিশ সূত্রে খবর, ধুপগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের গোবিন্দ পল্লির বাসিন্দা রুপালি কর্মকার। স্বামী কর্মসূত্রে থাকেন অসমে। বাড়িতে বয়স্কা শাশুড়ি ও ছ’বছরের মেয়ে ঋতিকা। মঙ্গলবার দুপুরে প্রতিবেশীর বাচ্চার সঙ্গে খেলছিল ঋতিকা।
প্রতিবেশীর অভিযোগ খেলতে খলতে তাঁর বাচ্চাকে লাঠির খোঁচা দেয় ঋতিকা। প্রতিবেশী এসে রুপালিকে এই নিয়ে নালিশ জানান। সেই সময় রান্না করছিলেন রুপালি। রাগের মাথায় পাশে পড়ে থাকা এক লাঠি দিয়ে ঋতিকার পিঠে এক বাড়ি দেন রুপালি বলে জানা গেছে। দুপুর ৩ টে নাগাদ এই ঘটনা ঘটেছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, পরের দিন মাইক্রোফাইন্যান্সের কিস্তির টাকা জমা দেওয়ার দিন থাকায় সেই টাকা জোগাড় করতে বেরান রুপালি। সেই সময় ঋতিকা শুয়ে ছিল বলে জানিয়েছেন তিনি। কিন্তু ৬ টা নাগাদ বাড়ি ফিরে এসে রুপালি দেখেন তাঁর মেয়ে অজ্ঞান হয়ে গেছে। শাশুড়ি তার মাথায় জল ঢালছে। মেয়ের নাক-মুখ দিয়ে বমি হচ্ছিল বলে জানিয়েছেন রুপালি।
ঋতিকা মাঝেমধ্যেই অজ্ঞান হয়ে যেত বলে জানা গেছে। সেরকমই অজ্ঞান হয়ে গেছে ভেবে রুপালি মেয়েকে নিয়ে যান ধুপগুড়ি গ্রামীন হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা জানান, মারা গেছে ঋতিকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ধুপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার জানিয়েছেন, আপাতত রুপালিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে ঋতিকার মৃত্যু হলো তা জানার জন্য বাচ্চাটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Be the first to comment