বোলপুর থানার আইসি-কে ফোনে গালিগালাজের অভিযোগে অবশেষে আদালতের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল।
সোমবার সকালে বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক। একইসঙ্গে জামিনেরও আবেদন জানান তিনি।
আদালত সূত্রে খবর, এদিন দুপুর দু’টোয় এই মামলায় রায় দেবেন বিচারক। ইতিমধ্যেই আদালত চত্বরে নজিরবিহীন নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। অনুব্রতর আত্মসমর্পণের খবর ছড়াতেই আদালত চত্বরে ভিড় জমতে শুরু করেছে কৌতূহলী মানুষের।
উল্লেখ্য, গত ২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল। পরে সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই জোর চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার জেরে পুলিশ অনুব্রতর বিরুদ্ধে মামলা করে। তাঁকে নোটিসও পাঠায়। এ ব্যাপারে বেশ কয়েকবার হাজিরা এড়ানোর পর একবার বোলপুর এসডিপিও অফিসে হাজিরাও দিয়েছিলেন কেষ্ট মণ্ডল। ঘটনায় পুলিশি তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছিল।

Be the first to comment