রোজদিন ডেস্ক ;
কলকাতায় নিট আন্দোলনে ধৃত ১৬ জনই আজ জামিন পেলেন। মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের মাথা পিছু ৫০০ টাকা বন্ডে,জামিন মঞ্জুর করেন। এর আগে দুপুরের শুনানিতে তাঁদের দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।
সূত্রের খবর, দিল্লিতে শীর্ষ আদালতের নির্দেশ, কেন্দ্রর সঙ্গে ককরোচ জনতা পার্টির সমঝোতার প্রেক্ষিতে তাঁরা জামিনে মুক্তি পেলেন।
আজ দিনভর টানাপোড়েনের পর বিকেলে ফের শুনানি হয়। দুপুরের শুনানিতে সরকারি আইনজীবী তাঁদের জামিনের
বিরোধিতা করলেও বিকেলে আর তা করেননি। পুলিশ এই ঘটনায় যে ১৬ জনকে গ্রেফতার করেছিল, তা প্রত্যাহার করার প্রক্রিয়া ও শুরু হচ্ছে বলে জানা যায়।
নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জোরদার আন্দোলন গড়ে ওঠে দিল্লিতে। পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে।
গত শুক্রবার কলকাতায় এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠন গুলির ডাকে বিক্ষোভ মিছিল সমাবেশে সামিল হন ককরোচ জনতা পার্টির সমর্থকরাও। কিন্তু ধর্মতলায় এই নিয়ে পুলিশের বাধায় ধুন্ধুমার বাধে। সমাবেশ থেকে বোতল, জুতো ইত্যাদি ছোঁড়া হয়। আক্রান্ত হন বহু সাংবাদিক। এই ঘটনায় ১৬ জনকে পুলিশ গ্রেফতার করে।
আজ শীর্ষ আদালত সব রাজ্যকে নির্দেশ দেয়, ধৃত যে সব নাবালক অতীতে কোন ফৌজদারি অপরাধ করেনি তাদের মুক্তি দিতে হবে।
এর আগে বিহার, অসম ইত্যাদি রাজ্য নিট আন্দোলন কারীদের বিরুদ্ধে মামলা তুলে মুক্তি দেওয়ার নির্দেশ জারি করলেও এই রাজ্যে কি হবে তা নিয়ে সংশয় দেখা দেয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, শুক্রবারের গোলমালের ঘটনায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে, তাঁদের সবার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গতকালও উত্তরবঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশবিরোধী টুকরে টুকরে গ্যাং, সেকু আর মাকুরা জেগে উঠেছে!
আজ ধৃত ১৬ জনের জামিনের আবেদনের সময় তাঁদের আইনজীবীরা কেন্দ্র – ককরোচ জনতা পার্টির সমঝোতার উল্লেখ করেন। কিন্তু সরকারের অবস্থান নিয়ে স্পষ্ট নির্দেশিকা ছিল না বলে সূত্রের খবর। বিচারক ধৃতদের দুদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
বিকেলে ছবি বদলে যায়। ধৃতরা জামিন পান৷ যদিও রাজ্য সরকারের অবস্থান এখনও জানা যায়নি বলে সূত্রের খবর।

Be the first to comment