রোজদিন ডেস্ক : গতকালই নতুন দল গড়েছেন তিনি। সেই মঞ্চ থেকেই আগামী বিধানসভা নির্বাচনে আটজন প্রার্থীর নাম ও ঘোষণা করেছিলেন টিএমসি বিধায়ক হুমায়ুন কবীর। তাঁদের মধ্যে ছিলেন কলকাতার বালিগঞ্জের সম্ভাব্য প্রার্থী নিশা চ্যাটার্জি। চব্বিশ ঘণ্টার মধ্যেই ওই কেন্দ্র থেকে তাঁর নাম সরিয়ে দিলেন জন উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। সূত্রের খবর, সমাজ মাধ্যমে নিশা চ্যাটার্জির বিভিন্ন লাস্যময়ী ছবি দেখে বিরক্ত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
হুমায়ুন কবীরের বক্তব্য, নতুন দলের ভাবমূর্তি রক্ষা করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সমাজ মাধ্যমে ওঁর “অঙ্গভঙ্গি” তাঁর ভাল লাগেনি। নিশাকে প্রার্থী করলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। পরে ওই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ, ওই মহিলা বার নর্তকী। হুমায়ুনের তা অজানা নয়। কিন্তু প্রকাশ্য মঞ্চে তাঁর নাম বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করায় দলের অন্দরেই প্রশ্ন ওঠে। বিপাকে পড়ে তড়িঘড়ি তাঁর নাম প্রার্থী থেকে সরিয়ে দেন তিনি।
প্রসঙ্গত, নতুন দল গঠন করলেও হুমায়ুন কবীর এখনও শাসক দলের বিধায়ক। দল বিরোধী কাজের জন্য তাঁকে সাসপেন্ড করেছে। যদিও তাঁর নতুন দল গঠন নিয়ে মুখে কুলুপ দিয়েছে শাসক দল।

Be the first to comment