নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর:
জগদ্ধাত্রী পুজো মানেই বাঙালির মনে ভেসে ওঠে দুই নাম — কৃষ্ণনগর ও চন্দননগর। সেই ঐতিহ্যের শহর কৃষ্ণনগরের বাঘাডাঙ্গা বারোয়ারি ক্লাব এ বছর তাদের পুজোয় এনেছে এক অনন্য ভাবনা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে সেজে উঠছে এবারের মণ্ডপ, থিম — ‘নারীশক্তি’।
উদ্যোক্তাদের কথায়, “নারীই সৃষ্টির মূলশক্তি। মুখ্যমন্ত্রীও একজন নারী হিসেবে সমাজে নারীর ক্ষমতায়নের প্রতীক। সেই ভাবনা থেকেই এ বছরের থিম।”
গত ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে খুঁটিপুজো। এই বছর পা দিল ক্লাবের ১৭০তম বর্ষে। দীর্ঘ এই ঐতিহ্যের পুজোয় দেবী এখানে ‘বাঘা মা’ নামেই পরিচিত।
পুরো মণ্ডপ জুড়ে নারীশক্তির প্রতিফলন তুলে ধরা হবে বিভিন্ন শিল্পসজ্জায় ও আলোর বিন্যাসে। জানা গিয়েছে, দেবীর আরতির সময় একযোগে ১০৮টি ঢাকের মহাসমারোহে মুখরিত হবে পরিবেশ।
প্রতিবছরের মতোই বাঘাডাঙ্গা বারোয়ারির ভাবনা, প্রতিমা ও আলোর নান্দনিক উপস্থাপন এবারও দর্শকদের নজর কেড়ে নেবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
এই জগদ্ধাত্রী পুজোয় যদি কৃষ্ণনগরে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে বাঘাডাঙ্গা বারোয়ারির এই নারীশক্তি-থিমের মণ্ডপটি না দেখলে মিস করবেন সত্যিই এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

Be the first to comment