রোজদিন ডেস্ক :
কিংবদন্তি সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার (Bhupen Hazarika) স্মৃতি বিজড়িত কলকাতায় তাঁর বাড়ি সংরক্ষণের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
উল্লেখ্য, কিংবদন্তি শিল্পীর জীবনের বহু সময় এখানে কেটেছে। টালিগঞ্জের গলফ ক্লাব রোডে তাঁর বাড়িতে বহু কালজয়ী গানের সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ জন এখনও শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেন। এই বাড়িতে জড়িয়ে আছে দুই রাজ্যের বহু স্মৃতি।
অসম সরকার এই বাড়িতে ভূপেন হাজারিকার স্মৃতিতে সংগ্রহ শালা গড়ে তুলতে আগ্রহী। মুখ্যমন্ত্রী কে লেখা চিঠিতে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ভূপেন হাজারিকা শুধু অসম না, সারা দেশ, পশ্চিমবঙ্গের ও অমূল্য সম্পদ। তাঁর কলকাতার বাসভবনটি তাঁদের কাছে তীর্থস্থানের মত৷ অসমের আপামর জনতার আবেগজড়িত এই ভবন সংরক্ষণের জন্য তিনি রাজ্য সরকারের সার্বিক সহযোগিতা চেয়েছেন।
সূত্রের খবর, ওই ভবন সংরক্ষণ, সংগ্রহশালা গড়ে তোলা ইত্যাদি সব কাজ ও তার খরচ অসম সরকারই বহন করবে। তা কলকাতায় হওয়ায় আইনি প্রক্রিয়ায় রাজ্য সরকারের ছাড়পত্র ও সহযোগিতা প্রয়োজন।
এই বিষয়ে রাজ্য সরকার সম্পুর্নভাবে সহযোগিতা করবে বলে ইঙ্গিত মিলেছে।
এই শহরের নামী সঙ্গীত শিল্পী, সুরকার, সাংস্কৃতিক জগতের বহু মানুষের স্মৃতিধন্য ভূপেন হাজারিকার ওই বাসভবন। তা সংরক্ষণের জন্য রাজ্য সরকার অসম সরকারকে পূর্ণ সহযোগিতা করবে বলে ওয়াকিবহাল মহল মনে করেন৷

Be the first to comment