বিহারে কাল প্রথম পর্বের ভোটগ্রহণ, নির্বাচনী উত্তাপে নজর রাজ্যের ৫২ আসনে

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচন। সময় যত এগোচ্ছে, ততই চড়ছে বিহার নির্বাচনের পারদ। কাল বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ। শেষবেলায় রবিবার পাটনায় রোড শো করলেন প্রধানমন্ত্রী। ১২ দিনে ১২০টি জনসভার টার্গেট নিয়ে বিহার চষে ফেলছেন তেজস্বী যাদব। এই হাইভোল্টেজ লড়াইয়ে নজর এখন রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা ৫২টি আসনে। এগুলিই ফ্যাক্টর, বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন? তথ্য বলছে, ২০২০ সালের বিধানসভা নির্বাচনী ফলাফলে এনডিএ’র থেকে মাত্র ১৫টি আসনে পিছিয়ে ছিল মহাগঠবন্ধন। গত নির্বাচনের বিশ্লেষণে দেখা যাচ্ছে, মোট ৫২ আসনে জয়ের ব্যবধান ছিল ৫ হাজারেরও কম। যার মধ্যে অন্তত ৩০টি আসনে আড়াই হাজারের কম ছিল ব্যবধান। ১০টি আসনে ব্যবধান ছিল হাজারের কম। সাতটি আসনে ব্যবধান ছিল ৫০০-র নীচে। তাই ওই ৫২ আসনকেই টার্গেট করছে সব পক্ষ। গত বিধানসভায় এই ৫২টি সিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৫টি‌তে জয় পেয়েছিল আরজেডি। ন’টি গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে। এছাড়াও সিপিআই, সিপিএম এবং সিপিআইএমএল পেয়েছিল তিনটি আসন। ১৩টি গিয়েছিল জেডিইউর দখলে। এছাড়া বিজেপি ১০টি, ভিআইপি ২ এবং এলজেপি একটি আসন পেয়েছিল। সব মিলিয়ে ৫২টি কেন্দ্রের মধ্যে মহাগঠবন্ধন-এর দখলে ছিল ২৭টি আসন এবং এনডিএর দখলে ছিল ২৫টি।

রাজনীতির কারবারিদের ধারণা, এবার কুর্সি কার দখলে যাবে, তা অনেকটাই নির্ভর করছে এই ৫২টি আসনের উপর। তাই প্রায় সব দলই ঝাঁপিয়ে পড়েছে এই মার্জিনাল আসনগুলির ওপর। তবে এই সব অঙ্কই গুলিয়ে দিতে পারেন একজন, তিনি পিকে বা প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টি। গত নির্বাচনে যাঁদের কোনও অস্তিত্ত্বই ছিল না। এবার তাঁরা হঠাৎ আবির্ভূত হয়ে এই আসনগুলিতে কতটা ভোট কাটবেন, কোন পক্ষের কাটবেন তা সবারই অজানা। ফলে বাকিরা যে পাটিগণিত মেলাতে ব্যস্ত, তা নাও মিলতে পারে। কিন্তু নজর থাকবে ওই কেন্দ্রগুলিতেই, তা একরকম নিশ্চিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*