রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবার আইন কলেজে ধর্ষণ কান্ডের প্রতিবাদে ফের আজ কলকাতায় পথে নেমেছে বিজেপি। এই মিছিল রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাসবিহারী মোড় থেকে মিছিল শুরু হয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই সেই মিছিল কসবার দিকে এগিয়ে চলেছে। মিছিলে ঝাঁটা হাতে শামিল হয়েছেন দলের মহিলা কর্মীরা, রয়েছেন যুব মোর্চার কর্মী-সমর্থকরাও।
‘কন্যা বাঁচাও’ স্লোগান তুলে সেই মিছিল এগিয়ে চলেছে সাউথ ক্যালকাটা ল’কলেজের দিকে। বৃষ্টিতে ভিজে তাঁর এই মিছিলে সামিল হওয়া নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “বাংলার প্রচুর বোন কাঁদছে। আমাদের কাছে ভেজাটা কোনও ব্যাপার নয়। যত বৃষ্টি হবে তত তাড়াতাড়ি মমতার বিদায় হবে। সব চলেছে। অভয়ার চোখ থেকে রক্ত বেরিয়েছে। বৃষ্টিতে ভেজা কোনও ব্যাপার নাকি ! গুলি খেতে রাজি আছি আমরা।”
প্রসঙ্গত উল্লেখ্য, কসবার আইন কলেজে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিত মিশ্রর বিরুদ্ধে ঐ কলেজেরই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। মনোজিত ও তার সঙ্গীরা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে।এই ঘটনায় সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই ধর্ষণের বিচার চেয়ে প্রায় প্রতি মুহূর্তেই উঠছে আন্দোলনের ধ্বনি। কখনও সিপিএম, কখনও কংগ্রেস বা কখনও রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি মিছিলের ডাক দিচ্ছে।

Be the first to comment