ছটপুজোয় এবারও বন্ধ থাকছে রবীন্দ্র ও সুভাষ সরোবর, পুরসভার উদ্যোগে হচ্ছে অস্থায়ী ঘাট

Spread the love

রোজদিন ডেস্ক : ছটপুজো উপলক্ষে এ বছরও রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর সাধারণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। জলদূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হবে। দুই সরোবরের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে কেএমডিএ।

২০২২ সালে নির্দেশ লঙ্ঘন করে কিছু মানুষ সরোবরে প্রবেশ করায় এ বছর নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। নির্দেশ কার্যকর করতে দুই সরোবরে প্রায় ৩০০ পুলিশ মোতায়েন করা হবে। নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকবেন দু’জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে গত কয়েক বছর ধরেই দুই সরোবরে ছটপুজো নিষিদ্ধ। ওই নির্দেশ অনুসারেই কেএমডিএ প্রতি বছর সরোবর দুটি বন্ধ রাখে। দুই সরোবর বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য ৩৯টি অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। সুভাষ সরোবর সংলগ্ন এলাকায় বিকল্প ঘাট নির্মাণের দায়িত্বে রয়েছে কলকাতা পুরসভা। প্রতিটি ঘাটে পোশাক পরিবর্তনের জন্য অস্থায়ী তাঁবু, বায়ো-টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। কেএমডিএ জানিয়েছে, পুজো শেষে পাঁচ ঘণ্টার মধ্যে ঘাট পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*