গুজরাতে মোদির রোড শো-তে উপস্থিত কর্নেল সোফিয়া কুরেশীর পরিবার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অপারেশন সিঁদুরের পর প্রথম গুজরাত সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই অঙ্গ হিসেবে সোমবার ভদোদরায় রোড-শো করেন। আর সেখানে হাজির ছিলেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশীর পরিবার। এই সফরে প্রধানমন্ত্রী দাহোদ, ভূজ এবং গান্ধিনগরের কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ৮২ হাজার ৯৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।
সোমবার সকাল ১০টা নাগাদ ভদোদরা বিমানবন্দরে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানানো হয়। এরপরই রোড-শো করেন প্রধানমন্ত্রী মোদি। প্রায় এক কিলোমিটারের রাস্তা অতিক্রম করেন মোদি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানাতে রাস্তার দু’পাশে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন।
পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতের সাম্প্রতিক সামরিক অভিযানের পর এটি প্রধানমন্ত্রী মোদির নিজের রাজ্যে প্রথম সফর। প্রধানমন্ত্রীকে ভিড়ের দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা যায়। ভিড়ও চিৎকার করে বলে ওঠে ,”আমরা জিতেছি”। হাজির ছিলেন সোফিয়া কুরেশির পরিবারের সদস্যরাও। কর্নেল কুরেশি ভাদোদরার বাসিন্দা। তাঁর বাবা-মা, ভাই মহম্মদ সঞ্জয় কুরেশি এবং বোন শায়না সুনসারাও রোড শোয় উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রী মোদির রোড-শো সম্পর্কে কর্নেল সোফিয়া কুরেশির মা হালিমা কুরেশি বলেন, “আমরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছি। সবাই একসঙ্গে তাঁকে স্বাগত জানাতে পারে খুবই ভালো লেগেছে। তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। তাঁকে অভিনন্দন এবং স্বাগত জানানো আমাদের কর্তব্য। সোফিয়া কেবল আমাদের মেয়ে নয়, আমাদের দেশের মেয়ে।”
এদিন আফ্রিকান সম্প্রদায়ের সদস্যরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। “শান্তি আক্রান্ত; ভারত ন্যায়বিচারের জন্য গর্জে ওঠো” – এই ধরণের প্ল্যাকার্ডও দেখা যায় তাঁদের হাতে। প্রধানমন্ত্রী মোদি দিনের শেষে দাহোদে পৌঁছবেন। সেখানে তিনি লোকো ম্যানুফ্যাকচারিং শপ-রোলিং স্টক ওয়ার্কশপের উদ্বোধন করবেন। এরপর খারোদে একটি জনসমাবেশে ভাষণও দেবেন। তিনি ২৪ হাজার কোটি টাকার বিভিন্ন সরকারি ও রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দাহোদ থেকে ভার্চুয়াল মাধ্যমে দুটি ট্রেনের সূচনা করবেন। প্রথমটি, সাবরমতী-ভেরাবল বন্দে ভারত এক্সপ্রেস। সপ্তাহে ছয় দিন চলবে। দ্বিতীয়টি, ভালসাদ-দাহোদ এক্সপ্রেস। প্রতিদিন চলাচল করবে। ১৭টি কোচ নিয়ে ৩৪৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*