রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে রাজ্যব্যাপী তুমুল ক্ষোভ, বিক্ষোভের আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী মাসে দিল্লি যাচ্ছেন। সূত্রের খবর, সোমবার রাজভবনে সাংবাদিক দের সঙ্গে আলাপচারিতার সময় তিনি এই কথা জানান। রাজ্যে এসআইআর নিয়ে প্রথম থেকেই বিরূপ মুখ্যমন্ত্রী ও তাঁর দল। নানা ভাবে এই প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা। এমনকি, এসআইআর বন্ধ করার দাবি জানিয়ে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে চিঠিও দিয়েছিলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
এসআইআর নিয়ে ক্ষোভ ব্যক্ত করে সিইসি-কে পাঁচটি চিঠিও দেন তিনি। তবে তার কোন উত্তর মেলেনি বলে সূত্রের খবর। আগামী ৩১ জানুয়ারি লোকসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। ওই অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী দিল্লি গেলে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
দিল্লিতে তিনি সিইসি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন কিনা তাও জানা যায়নি।
রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনের চা-চক্রে মুখ্যমন্ত্রী যোগ দিলেও তিনি ওখানে কোনও খাবার গ্রহণ করেননি বলে প্রকাশ। এমনকি রাজ্যপালের সঙ্গে তাঁর কথাও হয়নি। তবে রাজ্যপালের স্ত্রী, পুত্রের সঙ্গে তাঁর কথা হয়।
রাজ্যে বিধানসভা নির্বাচনের উত্তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, এই আবহে মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা নিয়ে চর্চাও জমে উঠেছে।

Be the first to comment