নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর:
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের হাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রদর্শিত একটি পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই পোস্টারে প্রধানমন্ত্রীকে কুরুচিকর ও আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়, যা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের পাশাপাশি একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সেই ধারাবাহিকতায় সোমবার নদিয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়। এদিন দলের জেলা নেতৃত্ব ও একাধিক পদাধিকারী থানায় উপস্থিত হয়ে অভিযোগপত্র জমা দেন।
বিজেপি নেতৃত্বের দাবি, একজন জনপরিচিত ব্যক্তিত্ব হিসেবে শ্রীলেখা মিত্রের এমন আচরণ দেশের সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রধানমন্ত্রীর মর্যাদাকে ক্ষুণ্ন করেছে এবং সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রতিবাদের নামে ব্যক্তিগত কটাক্ষ ও অশালীন উপস্থাপনা কখনও গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।
জেলা বিজেপির নেতারা জানান, গণতান্ত্রিক দেশে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা যেন শালীনতা ও আইনের সীমা অতিক্রম না করে। তাঁরা আশা প্রকাশ করেন, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
যদিও এই অভিযোগের বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেত্রী শ্রীলেখা মিত্রের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।

Be the first to comment