নিজস্ব সংবাদদাতা, নদিয়া:
রাজ্যের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক থেকে অবৈধভাবে ভিন রাজ্যে রক্তের উপাদান বিক্রির অভিযোগের জেরে তদন্তে নামল স্বাস্থ্য দফতর। সেই তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরের পালপাড়ায় অবস্থিত একটি বেসরকারি ব্লাড ব্যাংকে পৌঁছায় স্বাস্থ্য দফতরের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে ব্লাড ব্যাংকের বিভিন্ন নথিপত্র, রেকর্ড ও সংরক্ষণ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি প্রয়োজনীয় নথি সংগ্রহ করে নিয়ে যান তাঁরা। তদন্ত চলাকালীন ব্লাড ব্যাংকের কার্যক্রম ও রক্তের উপাদান সংরক্ষণ ও সরবরাহ সংক্রান্ত একাধিক বিষয়ও পর্যালোচনা করা হয়।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

Be the first to comment