রোজদিন ডেস্ক :
এসএফআই এর জাতীয় স্তরের যুগ্ম সম্পাদক ঐশী ঘোষকে গ্রেফতার করতে দিল্লিতে সিপিএমের সদর দফতর এ কে গোপালন ভবনে হানা দিল দিল্লি পুলিশ।
২০২১ সালের একটি মামলায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি হয়েছে বলে দিল্লি পুলিশের দাবি।
প্রসঙ্গত, রাজধানীতে দলের গুরুত্বপূর্ণ মুখ ঐশী ঘোষ সম্প্রতি নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে যন্তর মন্তরে সক্রিয় ভূমিকা নেন। তিনি ওখানে অনশন আন্দোলনেও যোগ দিয়েছিলেন।
এ কে জি ভবনে দলের কেরলমের সাংসদ জন ব্রিটাস পুলিশকে বাধা দেন। তিনি জানান, বৈধ ওয়ারেন্ট ছাড়া এই ভাবে পুলিশ প্রবেশ করতে পারে না। পুলিশের দাবি, ফোনে তাঁদের এই ওয়ারেন্ট এর নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে ব্রিটাসের সঙ্গে পুলিশের বচসা হয়। প্রবল বাধা পেয়ে পুলিশ চলে যায় বলে প্রকাশ।
এসএফআই, সিপিএম এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তাদের অভিযোগ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলনে অন্যতম মুখ ছিলেন ঐশী ঘোষ। এই জন্য পাঁচ বছরের পুরানো মামলার ধূয়ো তুলে তাঁকে গ্রেফতার করার জন্য হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন,যন্তর মন্তরে সাম্প্রতিক আন্দোলনে এসএফআই সক্রিয় ভূমিকা নেওয়ায় পুলিশ তাঁদের দলের সদর দফতরে জোর করে ঢুকে ঐশী ঘোষকে গ্রেফতার করার চেষ্টা করে। কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বিজয়ন বলেন, ক্ষমতার এই নির্লজ্জ অপব্যবহার বিজেপি সরকারের ভিন্নমত নিয়ে অসহিষ্ণুতারই প্রতিফলন। যাঁরা গণতন্ত্রে বিশ্বাসী তাঁদের এই মুহূর্তে সরব হওয়ার তিনি আর্জি জানান। বলেন, ভয় দেখানো, ভিন্নমত হলেই অপরাধী বলে দেগে দেওয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার সবার আছে বলে তিনি দৃঢভাবে জানান।

Be the first to comment