রোজদিন ডেস্ক, কলকাতা:- খিদিরপুর বাজারে মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। অন্তত ১৩০০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ২০টি ইঞ্জিন।
স্থানীয়দের অভিযোগ, সঠিক সময়ে দমকল আসেনি। আগুন নেভানোর কাজ সঠিক সময়ে শুরু করা গেলে ক্ষয়ক্ষতি আটকানো যেত। বাজারের মধ্যে রয়েছে তেলের গুদাম। তাতে আগুন লেগে আরও ছড়িয়ে পড়ে। সেটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে।
তাঁদের অভিযোগ খবর দেওয়ার ঘণ্টাদেড়েক পর দমকল এসেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল , তা দৃশ্যতই স্পষ্ট।
সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছোন দমকলমন্ত্রী সুজিত বসু। দমকলের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘একটা গাড়ি আসতে গেলেও তো কিছু সময় লাগে। ওয়াটগঞ্জ, গার্ডেনরিচ থেকে দমকলের গাড়ি এসেছে। জীবন বিপন্ন করে কাজ করেন আমাদের লোকজন। তা ছাড়া, দোকান করার সময়ে অনেকেই ঠিক মতো নিয়ম মানেন না। আমি কাউকে দোষ দিচ্ছি না। একটা ঘটনা ঘটেছে, আমরা দেখব।’’

Be the first to comment