কংগ্রেসের ঘরে প্রাক্তন বিধায়ক সপ্তর্ষি, দুর্গাপুরেও তৃণমূলে ভাঙনের বার্তা

Spread the love

বিউটি চাঁদ:

আরো বেকায়দায় তৃণমূল কংগ্রেস। একদিকে যখন তিন খন্ডে তৃণমূল কংগ্রেস বিভক্ত অন্যদিকে বাকিরা সুযোগ বুঝে পৌঁছে যাচ্ছেন কংগ্রেসের দোরগোড়ায়। এবার কংগ্রেসের পাল্লা ভারী করলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও সমাজকর্মী ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি। তার কংগ্রেসে যোগদান ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। শনিবার কলকাতার বিধান ভবনে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন তিনি। তাঁর হাতে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান কংগ্রেস নেতৃত্ব।

সপ্তর্ষি ব্যানার্জির যোগদানকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংযোজন হিসেবে দেখছে প্রদেশ কংগ্রেস। একসময় বসিরহাট দক্ষিণের বিধায়ক থাকা সপ্তর্ষির রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি চিকিৎসক ও সমাজকর্মী হিসেবে তাঁর পরিচিতিও রয়েছে। তাঁর কংগ্রেসে যোগদানের ফলে উত্তর ২৪ পরগনার রাজনীতিতে দলের সাংগঠনিক সমীকরণে কতটা প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

বিধান ভবনে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের এআইসিসি ইনচার্জ প্রকাশ যোশী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এছাড়াও ছিলেন এআইসিসি সম্পাদক অম্বা প্রসাদ, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক, রোহন মিত্র এবং প্রদেশ কংগ্রেসের মিডিয়া ও পাবলিসিটি চেয়ারপার্সন মিতা চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

তবে শুধু সপ্তর্ষি নন, এদিন কংগ্রেসের শক্তি বৃদ্ধির ছবিতে যুক্ত হয়েছে আরও একটি নাম। দুর্গাপুরের তৃণমূল নেতা সন্দীপ নায়ক তার ২০ জন অনুগামীকে সঙ্গে নিয়ে কংগ্রেসে যোগ দেন।

একদিকে প্রাক্তন বিধায়ক,পরিচিত মুখ কংগ্রেসে যোগ দিলেন, অন্যদিকে তৃণমূলের স্থানীয় এক নেতা অনুগামীদের নিয়ে দলবদল করলেন। এই দুই ঘটনাকে সামনে রেখে আগামী দিনে রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সমীকরণে কী পরিবর্তন আসে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে

নতুন সদস্যদের স্বাগত জানিয়ে কংগ্রেস নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের সংগঠন আরও শক্তিশালী হবে। একইসঙ্গে তৃণমূলের ঘর থেকে নতুন করে কেউ কংগ্রেসে আসায় স্থানীয় স্তরে দলের জনভিত্তি আরও প্রসারিত হবে বলেও আশাবাদী প্রদেশ নেতৃত্ব।

আগামী রাজনৈতিক পর্বে দলবদলের এই প্রবণতা কতটা ধারাবাহিক হয় এবং তার প্রভাব পুরসভার ভোটের ময়দানে কতটা পড়ে, এখন সেই দিকেই নজর সকলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*