রোজদিন ডেস্ক :
গত বছরের শেষ দিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সফর (Messi Event) নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা বড় কেলেঙ্কারি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করেন। ওই দিনের ঘটনায় মেসিকে দেখতে আসা দর্শকরা কার্যত প্রতারিত হন। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রতারিতরা যাতে টাকা ফেরত পান, সরকার সহায়তা করবে।
আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
আজ এই অনুষ্ঠানে ১৪৭ জন ক্রীড়াবিদ-কে সংবর্ধনা জানানো হয়। তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কার। রাইফেল শুটার অভিনব সাউ সব থেকে বেশি ২৬ লক্ষ টাকা পেয়েছেন। অ্যাথলেটিকসে তাহুরা খাতুন সাড়ে ১২ লক্ষ টাকা পেয়েছেন।
আজ অনেক ক্রীড়া বিদকে চাকরির নিয়োগপত্রও দেওয়া হয়। প্রাক্তন সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন,এইদিন যাঁদের নিয়োগপত্র দেওয়া হয়েছে, গত ১১ বছর ধরে তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর টেবিলে পড়েছিল। সরকার বদলের পর তাঁরা সেই চাকরি দিলেন৷
রাজ্যে ক্রীড়া উন্নয়নে একাধিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
কেন্দ্রের “খেলো ইন্ডিয়া ” প্রকল্পের বরাদ্দ আনতে ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও সচিব অবনীন্দ্র সিংহ সোমবার দিল্লি যাচ্ছেন।
ময়দানের বড় ক্লাবগুলি নিয়ে তিনি শীঘ্রই বৈঠক করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। সহাস্যে বলেন, তাঁদের বাড়িতে দুই বড় দলের সমর্থক ই আছে। তাঁর মা ইস্টবেঙ্গল ও তিনি নিজে মোহনবাগানের সমর্থক।
আজ এই অনুষ্ঠানে দিব্যেন্দু বড়ুয়া, বুলা চৌধুরী, জ্যোতির্ময়ী শিকদার, সোমা বিশ্বাস, মহম্মদ আলি কামার প্রমুখ বিশিষ্ট ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রশাসক কল্যাণ চৌবে সহ এই ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিরা সেখানে ছিলেন।

Be the first to comment