তামিলনাড়ুতে বিপুল বিনিয়োগ, তাইওয়ানের ফক্সকনের হাত ধরে স্মার্টফোনের বাজারে ড্রাগনের দেশকে চ্যালেঞ্জ জানাতে তৈরি হচ্ছে ভারত

Spread the love

রোজদিন ডেস্ক : তাইওয়ানের সংস্থা ফক্সকনের হাত ধরে এবার ড্রাগনের দেশ চিনকে স্মার্টফোনের জগতে চ্যালেঞ্জ জানাতে তৈরি মোদির ভারত।সাধারণ ভাবে স্মার্টফোন হাব বলতে যে দেশের নাম প্রথমেই সবার মাথায় আসে সেটা অবশ্যই চিন। কিন্তু সাম্প্রতিককালের তথ্য বলছে, গত কয়েকটা ত্রৈমাসিকে ক্রমাগত বেড়েই চলেছে ভারত থেকে স্মার্টফোন রফতানির পরিমান। লাফিয়ে বাড়ছে টাকার অঙ্ক। যা চিন্তায় রেখেছে চিনকে। আর আইফোন রফতানিতে তো চিনের প্রায় ঘাড়ের উপরই নিঃশ্বাস ফেলছে ভারত। আর সেই সুযোগটাই এবার নিতে চলেছে তাইওয়ানের সংস্থা ফক্সকন। যা চিনের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়েছে। সর্বশেষ খবর, চিন থেকে আগ্রহ ক্রমশ হারাচ্ছে ফক্সকনের মতো একাধিক সংস্থা। ফক্সকনের নজরে এখন ভারত। সেখানেই এবার বিপুল বিনিয়োগের পথে তাইওয়ানের সংস্থাটি। তবে, তারা এই পদক্ষেপ শুধু আইফোনের জন্য করছে এমন নয়। এবার থেকে গুগল পিক্সেল ফোনও তৈরি করা শুরু করেছে তারা। তাদের তামিলনাড়ুর কারখানায় ইতিমধ্যে তা শুরু হয়ে গিয়েছে। তাইওয়ানের এই সংস্থা এখন আর শুধুমাত্র অ্যাপেলের ফোন তৈরির উপর নির্ভরশীল, এমন নয়। তারা নিজেদের ব্যবসার পোর্টফোলিওকে আরও বড় করতে চলেছে। বিশেষজ্ঞদের দাবি, ভারতের বাজারে স্মার্টফোন ছাড়াও ইলেকট্রিক ভেহিকল, এআই সার্ভার ও ডিজিটাল হেলথ ডিভাইস উৎপাদনেও ফক্সকন তাদের ক্ষমতা বৃদ্ধি করছে। এক কথায়, এই বিনিয়োগ আসলে ভূ-রাজনৈতিক কৌশলগত একটি বৃহৎ পরিবর্তন। তথ্য বলছে, ফক্সকন ইতিমধ্যেই তামিলনাড়ুতে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে সেখানে তৈরি হবে ১৪ হাজার নতুন কর্মসংস্থান। যা রাজ্যের অর্থনীতিতে বড়সড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে স্মার্ট ফোনের আন্তর্জাতিক বাজারে ভারতকেও কয়েক কদম এগিয়ে দেবে। এটাই ভয় ধরাচ্ছে প্রতিবেশী চিনকে।নিঃশব্দে ভারত যেভাবে সেই বাজারের দখলদারিতে এগিয়ে আসছে তাতে আশঙ্কা হওয়াটাই স্বাভাবিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*