রোজদিন ডেস্ক : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক এফআইআর। সেই সব মামলায় আপাতত তাঁর বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ। আগামী ৬ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি। একইসঙ্গে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরূদ্ধে এখনও পর্যন্ত কত এফআইআর জমা রয়েছে রাজ্যকে তার সংখ্যা জানাতে নির্দেশ দিয়েছে আদালত। এদিন অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে প্রশ্ন তোলে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, এত বছর পর এফআইআর কেন করা হচ্ছে? এক্ষেত্রে আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, অনেক এফআইআর হয়েছে। বিচারপতির প্রশ্ন, একজন যে হেরে গেছে সে বারবার অভিযোগ করছেন এবং সেটা ঘটনার ৬ বছর অথবা ৭ বছর পর। কীভাবে এত দিন পর এফআইআর হচ্ছে? তিনি বলেন, আদালত এর তদন্তে বাধা দেবে না। তবে কড়া পদক্ষেপ করার কী দরকার আছে বলেও প্রশ্ন তোলেন বিচারপতি। অভিষেকের আইনজীবি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই সব এফআইআর। ৪ মে-র পর থেকেই বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক এফআইআর করা হচ্ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২ মে যে ঘটনা তার অভিযোগ দায়ের হল ২৫ মে, কেন এত দেরি? ২০১৭-র ঘটনা, এফআইআর হচ্ছে ২০২৬-এ। ২০২০-র আমফানের ত্রাণ সংক্রান্ত দুর্নীতি, এফআইআর দায়ের হচ্ছে ৬ বছর পর ২০২৬-এ। রাজ্যের আইনজীবী তুষার মেহতা বলেন, কেউ একজন স্পেশাল ট্রিটমেন্ট পাবে কেন, তাহলে আগাম জামিন নিক। উভয় পক্ষের সওয়াল শোনার পর বিচারপতি বলেন, কোনও সাধারণ মানুষের এফআইআর এভাবে এত দেরিতে হয় না। এরপরই তিনি স্পষ্ট জানিয়ে দেন, শুধু দায়ের হওয়া এফআইআর-এ এই তদন্ত সীমাবদ্ধ থাকতে হবে।

Be the first to comment