নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :
রেজিনগর বিধানসভা উপনির্বাচনের দিন সকালেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ। মঙ্গলবার সকালে সপরিবারে ভোট দেওয়ার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ ও মন্তব্য করছিলেন তিনি। পরে রেজিনগরের দলীয় কার্যালয় থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
সকাল থেকেই হুমায়ুন কবীরের অভিযোগ ছিল, তাঁর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোট দিতে যাওয়ার সময়ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে বুথের বাইরেও পুলিশের বিরুদ্ধে সরব হন। এমনকি পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বলে অভিযোগ।
এরপর রেজিনগরের দলীয় কার্যালয়ে পৌঁছয় পুলিশ। সেখানে পুলিশ ও হুমায়ুন কবীরের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছয়। পরে পুলিশ তাঁকে আটক করে গাড়িতে তুলে রেজিনগর থানায় নিয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে ভোটের দিনেই নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। হুমায়ুন কবীরের ছেড়ে দেওয়া রেজিনগর আসনেই এ দিন উপনির্বাচন হচ্ছে। তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টি এই কেন্দ্রে প্রার্থী করেছে তাঁর ছেলে গোলাম নবি আজাদকে।
রেজিনগরে এবার মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি, তৃণমূল, কংগ্রেস, বামেদের পাশাপাশি রয়েছেন একাধিক নির্দল প্রার্থী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন হুমায়ুন কবীর। পরে নওদা আসনটি ধরে রাখায় রেজিনগর আসনটি খালি হয়। সেই কারণেই এই উপনির্বাচন।
ভোটের দিন সকালেই হুমায়ুন কবীরকে আটকের ঘটনায় রেজিনগরের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। দিনের বাকি সময়ে পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে প্রশাসনের।

Be the first to comment