রোজদিন ডেস্ক, কলকাতা:- ইজরায়েল-ইরান যুদ্ধ আবহে ইরানের উপর চাপ বৃদ্ধি করতে আসরে নামল ইউরোপের তিন দেশ— ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে বসতে চলেছে তিন দেশের প্রতিনিধি। বৈঠকে থাকছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যেরাও। সুইৎজ়ারল্যান্ডের জেনেভায় হবে বৈঠক।
মনে করা হচ্ছে, তেহরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে, বৈঠকে সেই নিয়ে আরও চাপ বৃদ্ধি করবে ইউরোপের তিন দেশ। জার্মানি আগেই ইরানের উপর হামলা নিয়ে ইজ়রায়েলের পাশে দাঁড়িয়েছে। ব্রিটেন, ফ্রান্সও সেই পথেই হাঁটছে। মনে করা হচ্ছে, শুক্রবারের বৈঠকে তেহরানের উপর আরও চাপ বৃদ্ধি করতে চাইছে ইউরোপের এই তিন দেশ। এই বৈঠকের আগে বৃহস্পতিবারই আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো এবং ট্রাম্প সরকারের পশ্চিম এশিয়ার দূত স্টিভ উইচকফের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করে এসেছেন ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামি। এর পরে ল্যামি একটি বিবৃতি দিয়ে জানান তাঁদের আলোচনার বিষয়।
তিনি জানান, ‘সংঘাত বন্ধ করতে ইরানের অবশ্যই একটি চুক্তি’ করা উচিত বলে আলোচনায় উঠে এসেছে। ট্রাম্পের সিদ্ধান্ত নিয়েও আলোচনা করেছেন তাঁরা। এর পরে রুবিয়ো এবং ল্যামি দু’জনে বিবৃতিতে এ-ও দাবি করেছেন যে, ইরানের হাতে কখনওই পরমাণু অস্ত্র থাকা উচিত নয়। দু’জনের এই বিবৃতি থেকেই ইঙ্গিত মেলে যে, শুক্রবার জেনেভার বৈঠক কোন দিকে এগোতে পারে। ল্যামির সঙ্গে বৈঠকের পরে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইটালির বিদেশমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন রুবিয়ো।

Be the first to comment