JANATER DARBER: জনতার দরবার এবার সব সরকারি দপ্তরে, অভিযোগ শুনবেন সরকারি আধিকারিকরা

Spread the love

রোজদিন ডেস্ক : সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজ্য সরকার এবার সরকারি দপ্তরগুলিতেও ‘জনতার দরবার’ চালু করছে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরকারি আধিকারিকরা কোনও পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করবেন। এই ব্যবস্থা শুধু নবান্ন বা শহরেই সীমাবদ্ধ থাকবে না। জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও, পুরসভার কমিশনার, পুলিশ আধিকারিক-সহ বিভিন্ন দপ্তরের ফিল্ড-লেভেলের আধিকারিকদেরও এর আওতায় আনা হয়েছে। নির্দিষ্ট সময়ে যাতে আধিকারিকরা মানুষের অভিযোগ শুনতে পারেন, সেজন্য ওই সময় বৈঠক, সরকারি সফর বা অন্য কর্মসূচি যথাসম্ভব এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকদের মোবাইল নম্বর ও ই-মেল আইডি দপ্তরে কোনও জায়গায় এবং সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কোন দপ্তরে, কোন দিন ও সময়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ হবে, তাও আগাম নোটিস দিয়ে জানাতে হবে। অভিযোগ গ্রহণেই দায়িত্ব শেষ হবে না। তার ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হল, তাও নথিভুক্ত করতে হবে ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টালে। অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*