রোজদিন ডেস্ক : প্যাকেটজাত খাবার, যেমন চিপস থেকে বিস্কুট, নুডলস থেকে ঠান্ডা পানীয়। এই সবের প্যাকেটের গায়েই এবার থেকে দেখা যাবে সতর্কবার্তা। চিনি, নুন বা ফ্যাট বেশি থাকলে এক নজরে ক্রেতাকে সতর্ক করার প্রস্তাব দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই। প্যাকেটজাত খাবারের প্যাকেটে ‘হাই সুগার’, ‘হাই সল্ট’, ‘হাই ফ্যাট’ এবং ‘হাইলি সুইটেনড বেভারেজ’-এর মতো সতর্ক বার্তা লেখার প্রস্তাব দিয়েছে এফএসএসএআই। ২৮ আগস্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় এই প্রস্তাব দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। উদ্দেশ্য, প্যাকেটের পিছনে থাকা জটিল পুষ্টিগত তথ্য বা সংখ্যার হিসাব না দেখে যাতে ক্রেতা এক নজরে বুঝতে পারেন খাবারটি কতটা ঝুঁকিপূর্ণ। সতর্ক বার্তার আকার নিয়েও প্রশ্ন উঠেছে। এফএসএসএআই-এর প্রস্তাব, প্যাকেটের পিছনের পুষ্টিগত তথ্য তালিকার তুলনায় সতর্ক বার্তার অক্ষর এক পয়েন্ট বড় হবে। বিশেষজ্ঞদের প্রশ্ন, পুষ্টিগত তথ্যই যদি খুব ছোট অক্ষরে লেখা থাকে, তাহলে মাত্র এক পয়েন্ট বড় করলেই কি তা সাধারণ ক্রেতার নজরে আসবে? বিশেষজ্ঞরা বলছেন, খাবারের প্যাকেটে সতর্ক বার্তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোনও খাবারে চিনি বেশি থাকার পরেও শুধু নুন ও ফ্যাট কম থাকার কারণে সতর্ক বার্তা না থাকলে তা জনস্বাস্থ্যের উদ্দেশ্যকে দুর্বল করবে। এখন এই নিয়ে শীর্ষ আদালত কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

Be the first to comment