রোজদিন ডেস্ক : অন্ধ্রপ্রদেশের কুর্নুলের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আরও তথ্য সামনে এসেছে। শুধু বাসের নীচে বাইক চলে যাওয়াই না, বাসে থাকা ২৩৪টি স্মার্ট ফোনের ব্যাটারি বিস্ফোরণ হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। হায়দ্রাবাদের একটি সংস্থা থেকে এই স্মার্ট ফোনগুলি বেঙ্গালুরুর এক ই-কমার্স সংস্থায় পাঠানো হচ্ছিল। বাসে আগুন লাগার পর এই সব ফোনও ফেটে যায়। ৪৬ লক্ষ টাকা দামের এই সব ফোনের ব্যাটারি বিস্ফোরণ হয়ে এতটাই পরিস্থিতি খারাপ হয় যে অগ্নিদগ্ধ যাত্রীদের অনেকের দেহের হাড় পর্যন্ত গলে ছাই হয়ে নীচে পড়ে যায় বলে প্রকাশ। এই ছাড়া বাসের কাঠামোতেও গলদ ছিল। খরচ কমাতে লোহার বদলে অ্যালুমিনিয়াম দিয়ে বাসের মেঝে ইত্যাদি করা হয়েছিল বলেও জানা যায়।
বাসটি এতই ক্ষতিগ্রস্ত হয়েছে যে অগ্নিদগ্ধ যাত্রীদের ডিএনএ পরীক্ষা করে পরিচয় জানার চেষ্টা হচ্ছে। আগামী কাল এই পরীক্ষার কাজ শেষ হবে বলে পুলিশের আশা। আগুন লাগার পর বাসের চালক তড়িঘড়ি পালিয়ে যান। পরশু তাঁকে কুর্নুল থেকেই পুলিশ গ্রেফতার করে। বাসের অতিরিক্ত চালকের সহায়তায় কয়েক জন যাত্রীর প্রাণ বেঁচেছে বলে মনে করা হচ্ছে। বাতানুকূল বাসের কাঁচের জানলা চটজলদি ভাঙায় অতিরিক্ত চালক সহ কয়েকজন যাত্রী নীচে লাফ দিয়ে নামেন। বাসে ৪৪ জন যাত্রী ছিলেন। তদন্তে প্রকাশ, বাইকচালক বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেও আর একজন আরোহী কোন ক্রমে প্রাণে বেঁচেছেন। পুলিশ বেঁচে যাওয়া বাসযাত্রী ও বাইক আরোহীর সঙ্গে কথা বলে ভয়াবহ এই দুর্ঘটনার বিষয়ে বিশদ জানার চেষ্টা করছে।
দেশ জোড়া উৎসবের আবহে একই মাসে বড় দুই বাস দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে।

Be the first to comment