নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবিতে আমঘাটায় বিক্ষোভ, আন্দোলনকারীদের RPF-GRP-র সঙ্গে তীব্র বাদানুবাদ

Spread the love

রমিত সরকার, নদীয়া : 

আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবিতে ফের আন্দোলনে নামল নবদ্বীপ ঘাট রেল বাঁচাও কমিটি। শনিবার দুপুরে আমঘাটা স্টেশনে রেল ও সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ঘণ্টা খানেক ধরে রেল অবরোধ ও সড়ক অবরোধের কারণে ব্যাহত হয় রেল ও যান চলাচল। রেল ও সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে কৃষ্ণনগর থেকে আরপিএফ ও জিআরপি’র
একটি টিম পৌঁছায়। আন্দোলনকারীদের সঙ্গে তাদের তীব্র বাদানুবাদ হয়। পরে কথাবার্তার মধ্যে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগিয়েছে,
শুক্রবার দুপুরে স্বরূপগঞ্জ তিওরখালি থেকে পতাকা নিয়ে মিছিল করে আমঘাটা স্টেশনে পৌঁছায় আন্দোলনকারীরা। মিছিল আন্দোলনকারীদের হাতে ছিল একাধিক প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘আমাদের অধিকার ফিরিয়ে দাও’। আমাদের দাবি, নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল চাই’- এরকম লেখা একাধিক প্লাকার্ড। এই সময় আন্দোলনকারীদের পথ অবরোধ ও আমঘাটা স্টেশনে রেললাইন অবরোধের জেরে ব্যাপক যানজট হয়। এ বিষয়ে ‘নবদ্বীপ ঘাট রেল বাঁচাও কমিটির কর্তা সুদীপ দেবনাথ বলেন, ‘১৬ বছরের বঞ্চনার অবসান চাই। যতক্ষণ না এই রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন ও লড়াই চলবে।’আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করে রেল পরিষেবা চালু করতে হবে- আন্দোলনকারীদের দাবিতে ওই এলাকায় অন্য রকম পরিবেশ হয়। প্রসঙ্গত, ষোল বছর আগে নবদ্বীপ ঘাট ভায়া কৃষ্ণনগর হয়ে শান্তিপুর পর্যন্ত ন্যারোগেজ লাইনে ছোট রেল চলত। ২০১০ সালের প্রথমদিকে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লাইন ব্রডগেজ করেন। শান্তিপুর থেকে আমঘাটা পর্যন্ত ব্রডগেজ রেললাইন হয়। তবে আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত কাজটি হোঁচট খেয়ে যায়। ফের ১৫ বছর পর ২০২৫ সালের শেষদিকে এই রুটে ট্রেন চলাচল হয়। আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেললাইনের কাজ এক পাও এগোয়নি। ফলে এই রুট নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা এদিন আন্দোলনে নামেন। স্থানীয় ও আশপাশ এলাকা থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। “নবদ্বীপ ঘাট রেল বাঁচাও কমিটি:র কর্তারা নবদ্বীপ ঘাট পর্যন্ত ব্রডগেজ রেললাইন নির্মাণের দাবিতে এদিন সড়ক ও রেল লাইন অবরোধ করেন। এ নিয়ে সুদীপ দেবনাথ আরও বলেন, ‘ আমাদের দাবি নিয়ে স্থানীয় থেকে সর্বোচ্চ পর্যায়ে জানিয়েছি। এটা আমাদের অধিকার। ১৬ বছরের বঞ্চনার অবসান চাই। যতক্ষণ না এই রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন ও লড়াই চলবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*