ওড়িশায় অধ্যাপকের যৌন নিগ্রহের বিচার চেয়ে গায়ে আগুন দেওয়া ছাত্রীর মৃত্যু হল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- ওড়িশার বালেশ্বরে অধ্যাপকের যৌন হেনস্তার বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন দিয়েছিলেন এক ছাত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যু হল তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও সোমবার রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর। এদিকে গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে ওড়িশা সরকার। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে।

উল্লেখ্য, বালেশ্বরের ফকির মোহন কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। তবে সেই অভিযোগের ভিত্তিতে অন্তর্বর্তী তদন্তের কথা বলা হলেও কোনওরকম তৎপরতা দেখায়নি কলেজ কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে নির্যাতিতা কলেজের অপর এক অধ্যাপকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে যান। দ্রুত বিচারের দাবিও জানান তিনি।

অভিযোগ, তারপরই তিনি কলেজ ক্যাম্পাসের ভিতর নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। এমনকী তাঁকে বাঁচাতে ছুটে আসেন তাঁর এক সহপাঠীও। কিন্তু ব্যর্থ হয় সেই প্রচেষ্টা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যাম্পাস চত্বরে। অগ্নিদগ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে এবং তাঁর মৃত্যু হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*