রোজদিন ডেস্ক : দক্ষিণ কলকাতার জনবহুল চেতলায় গলায় শাবল ঢুকিয়ে নৃশংস ভাবে মারা হল এক যুবককে। গতকাল গভীর রাতে মদের আসরে গোলমালের জেরে এই খুন বলে পুলিশের অনুমান। খোদ মেয়র ফিরহাদ হাকিমের এলাকায় এই ভয়াবহ ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। এখন অবধি তিন জনকে পুলিশ আটক করেছে। নিহত অশোক পাশওয়ান পেশায় গাড়ির মেকানিক ছিলেন। স্থানীয় সূত্রের খবর, চেতলারই ১৭ নম্বর বাস স্ট্যান্ডে প্রতিদিনই রাতে মদের আসর বসে। এলাকাবাসী এতে বিরক্ত। গতকালও এমনই এক মদের আসরে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন কয়েক জন। গোলমালের জেরে একজন অশোক পাশওয়ানের গলায় শাবল ঢুকিয়ে দেয়৷ গুরুতর আহত অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। রাস্তায় পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাকে এস এস কে এম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়। এলাকাটি মেয়র ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ডে। আজ সকালেও পরিস্থিতি থমথমে। মদের আসরে কারা ছিলেন, পুলিশ তদন্ত করছে।

Be the first to comment