রোজদিন ডেস্ক, কলকাতা:- প্যারিসের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। নিরাপত্তার কারণে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ আইফেল টাওয়ার। ১,৩০০–রও বেশি স্কুল আংশিক বা পুরোপুরি বন্ধ। অনলাইন ক্লাসের পথেই হাঁটছে অধিকাংশ স্কুল। ফোর্থ লেভেল লাল সতর্কতা জারি করা হয়েছে প্যারিসে। পাঁচ বছরের মধ্যে প্রথমবার জারি হলো রেড অ্যালার্ট। পার্ক এবং পাবলিক সুইমিং পুলগুলো আরও বেশি সময় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবল গরম ও তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অংশ। একই অবস্থা জার্মানিরও। সাধারণত জুন–জুলাই নাগাদ পশ্চিম ও মধ্য ইউরোপের প্যারিস, বার্লিন, আমস্টারডাম, ভিয়েনার মতো শহরের তাপমাত্রা থাকে ১৮–২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু এবার একাধিক এলাকার সর্বোচ্চ তাপমাত্রা টপকে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়ায়ের গণ্ডি!
আবহাওয়া দফতরের তথ্য বলছে, ১৮৮৪ সাল থেকে যে রেকর্ড নথিভুক্ত রয়েছে, সেই অনুযায়ী এ বার উষ্ণতম জুন মাসের সাক্ষী ইংল্যান্ড। তাপপ্রবাহ ইতিমধ্যেই ফ্রান্সে দু’জনের প্রাণ কেড়েছে।

Be the first to comment