রোজদিন ডেস্ক, কলকাতা:- পুরীর রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। ভিড়ের চাপে আহত প্রায় ৫০০ জনেরও বেশি ভক্ত। শুক্রবার বলভদ্রের রথ ‘তালধ্বজ’ টানার সময় এই দুর্ঘটনাটি ঘটে। প্রবল হুড়োহুড়িতে প্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিশেষ সূত্রে খবর, ভক্তদের মধ্যে রথের দড়ি ছোঁয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। শুরু হয় ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। ভিড়ের চাপে পড়ে যান অনেকে। পদপিষ্ট হওয়ার ভয়ে ছোটাছুটি শুরু করে দেন ভক্তরা। এই সময়েই আহত হন বহু মানুষ।
জগন্নাথ মন্দির থেকে ২.৫ কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দির পর্যন্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টেনে নিয়ে যান ভক্তরা। এই পথ ধরে যাওয়ার সময় গ্র্যান্ড রোডে বলভদ্রের রথের সামনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের চাপে গুরুতর জখম হন প্রায় ৫০০ জনেরও বেশি। ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, ৬৮ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রথযাত্রা উপলক্ষে পুরী শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। মোতায়েন করা হয়েছিল প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী। এর মধ্যে ছিলো ৮টি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর পুলিশ।

Be the first to comment