রোজদিন ডেস্ক : পথদুর্ঘটনা রুখতে এবার নয়া দাওয়াই কলকাতা পুলিশের। শহরের রাস্তায় যত্রতত্র ট্রাফিক আইন অমান্য নতুন ঘটনা নয়ই, উটে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রবণতা দেখা যাচ্ছে। লাল আলো জ্বললেও গাড়ি থামছে না, গতিও কমছে না। এর জেরে দুর্ঘটনা, যানজট, এমনকী প্রাণহানিও বাদ যাচ্ছে না। এই প্রবণতায় রাশ টানতে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। কলকাতা জুড়ে এবার একাধিক রাস্তা ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় রেড লাইট ভায়োলেশন ডিটেকশন ক্যামেরা বা আরএলভিডি ক্যামেরা বসবে। প্রাথমিকভাবে ২০টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে এই অত্যাধুনিক নজরদারি চালানো হবে। এই ক্যামেরা বসলে আর লাল আলো অমান্য করে পালিয়ে যাওয়া যাবে না। রেড সিগন্যাল অমান্য করলে ক্যামেরায় ধরা পড়বে গাড়ির নম্বরপ্লেট, সময় ও সেই সময় গাড়ির লোকেশন। লালবাজারে থাকা ট্রাফিক বিভাগের সার্ভারে সেই তথ্য পৌঁছে যাবে নিমেষের মধ্যে। এরপর গাড়িমালিকের মোবাইলে চলে যাবে এসএমএস বা ই-মেইলে জরিমানার নোটিশ। অনলাইনে এই জরিমানা মেটানোর ব্যবস্থা থাকবে।

Be the first to comment