মুর্শিদাবাদের হিংসায় নিহতদের পরিবারের মামলা শুনল না হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মুর্শিদাবাদের জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। মঙ্গলবার শুনানি শুরু হতেই মামলা থেকে সরলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলা না শুনে তিনি সাফ জানালেন, ‘ইতিমধ্যেই মুর্শিদাবাদের অশান্তি সংক্রান্ত মামলার শুনানি চলছে ডিভিশন বেঞ্চে। নতুন করে এই মামলা শোনার কোন কারণ নেই। তাই নিহতদের পরিবারের আবেদন সংক্রান্ত মামলা প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দেওয়া হল।’
এদিন শুনানি শুরু হতেই চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। পুরো ঘটনায় বিচারপতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি আইনজীবীদের সতর্ক করে বিচারপতি বলেন, ‘আপনারা যে রাজনৈতিক দলের হয়ে মামলা করছেন, অনেকটা তাঁদের মতোই আচরণ করছেন। এই মামলায় এখন আর কিছু নেই। প্রধান বিচারপতির কাছে যান। উনি এই মামলা নতুন করে পাঠাবেন।’ এরপর আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন বিকাশরঞ্জন ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি তো বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আদালতের সামনে এমন আচরণ করতে দেখিনি। আপনারা কেন এমন করছেন?’
সিবিআই তদন্ত চেয়ে গতকাল কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার। তাঁদের দাবি ছিল, খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত সেভাবে তদন্ত শুরু করেনি। তাছাড়া পুলিশের ওপর তাঁদের কোনও আস্থা নেই। তাই খুনের ঘটনায় তদন্ত করুক সিবিআই। কিন্তু এদিন তাঁদের সেই আবেদন খারিজ করে মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*