রোজদিন ডেস্ক : এই রাজ্য-সহ আগামী বছর ভোটমুখি পাঁচ রাজ্যেই নভেম্বরের এক তারিখ থেকে SIR শুরু করতে চলেছে নির্বাচন কমিশন! আজ কেন্দ্রীয় মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার এই ঘোষণা করবেন বলে খবর। বিকেল চারটে পনেরোয় ইসিআই দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেছে। জ্ঞানেশ কুমার ছাড়া দুই নির্বাচনী আধিকারিক সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি সেখানে উপস্থিত থাকবেন।
সাংবাদিক বৈঠকের আমন্ত্রণপত্রে কি বিষয়ে তা হবে লেখা নেই। নির্ভরযোগ্য সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসম ও পন্ডিচেরীর এসআইআর নিয়ে ইসিআই ঘোষণা করবেন। আগামী বছর এই পাঁচ রাজ্যেই বিধান সভা নির্বাচন হওয়ার কথা। অন্য কিছু রাজ্যে ও এই কাজ হওয়ার কথা। তবে যে সব রাজ্যে স্থানীয় প্রশাসন নির্বাচন ইত্যাদি হচ্ছে, সেখানে আপাতত এই প্রক্রিয়া চালু হবে না বলে প্রকাশ।
এসআইআর হল ভোটার তালিকা একদম নতুন ভাবে তৈরির প্রস্তুতি। প্রতি বছর সাধারণ ভোটার তালিকা সংশোধন এর থেকে তা অনেকটাই ভিন্ন। সারা দেশে কুড়ি বছর আগে এই কাজ হয়েছিল। একমাত্র ২০০৩ সালে বিহারেও এসআইআর হয়। সম্প্রতি ভোট মুখি বিহারে ফের এসআইআর করা হয়েছে।
এই রাজ্যে টিএমসি সরকার এসআইআরের তীব্র বিরোধিতা করেছে। কংগ্রেস, বামফ্রন্টের দাবি, ভোটার তালিকা ত্রুটিমুক্ত হোক। কিন্ত কোন ভাবেই প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না যায়। আগামী ২৯ অক্টোবর বামফ্রন্ট এই দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপিও পেশ করার কর্মসুচী নিয়েছে।

Be the first to comment