রমিত সরকার, নদীয়া :
বন্যপ্রাণী পাচারের বড়সড় প্রচেষ্টা বানচাল করল নদিয়ার কল্যাণী থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হল বিরল প্রজাতির বন্যপ্রাণী স্লো লরিস। এই ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুজয় দাস ও ইন্দ্রজিৎ মুখার্জি নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কল্যাণী থানা এলাকায় বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী পাচারের ছক কষা হচ্ছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন পুলিশকর্মীরা। অভিযানের সময় একটি মোটরসাইকেলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় দুই ব্যক্তিকে। তাঁদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিরল প্রজাতির স্লো লরিসটি। এরপরই দু’জনকে গ্রেপ্তার করা হয়।
রানাঘাটের পুলিশ সুপার সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতদের আদালতে পেশ করা হবে। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। উদ্ধার হওয়া প্রাণীটির উৎস, সম্ভাব্য ক্রেতা এবং সেটিকে কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনার পিছনে কোনও বড় স্থানীয় বা আন্তঃরাজ্য পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া স্লো লরিসটিকে নিরাপদে রাখার জন্য বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিরল ও বিপন্ন বন্যপ্রাণী পাচারের এই ঘটনায় আরও কারা জড়িত, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Be the first to comment