রোজদিন ডেস্ক : কলকাতায় প্রদেশ কংগ্রেস অফিস বিধান ভবনে হামলা। শুক্রবার প্রদেশ কংগ্রেস দপ্তরে তাণ্ডব চালিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দিতে দেখা গিয়েছে রাকেশ ও তাঁর দলবলকে। এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল সহ অনেক মানুষই চরম নিন্দা জানিয়েছে। এবার সকলকে ধন্যবাদ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
এদিন শুভঙ্কর সরকার সকলকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “২৯ আগস্ট বিজেপি ও আর এস এস -এর গুন্ডা বাহিনী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে বর্বরোচিত হামলার ঘটনার পর সারা রাজ্য জুড়ে রাজ্যের সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আমরা কৃতজ্ঞ।”
তিনি আরোও বলেন, “যে সমস্ত প্রগতিশীল – ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি বিজেপি ও আর এস এস -এর এই বিদ্বেষের রাজনীতিকে নস্যাৎ করেছেন, তাঁদেরও ধন্যবাদ। কুর্নিশ জানাই এ রাজ্যের কংগ্রেসের অমূল্য সম্পদ স্বরূপ যে কংগ্রেস – কর্মীরা, তাঁদের। ওই জঘন্য নজিরবিহীন হামলার প্রতিবাদে যেভাবে পশ্চিমবঙ্গের সর্বত্র কংগ্রেস নেতা-কর্মীরা সম্পূর্ণ গনতান্ত্রিক ও অহিংস পদ্ধতিতে স্বতঃস্ফূর্ত গণআন্দোলন গড়ে তুলছেন, তা নিঃসন্দেহে এরাজ্যের বুকে বিজেপি ও আর এস এস বিরোধী, মনুবাদ বিরোধী, দুর্নীতি – বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।”

Be the first to comment