রোজদিন ডেস্ক : আগামীকাল বুধবার হুগলির সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা।সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাকে ঘিরে হুগলি জেলায় তুমুল প্রস্তুতি চলছে। সভার দিন জেলার প্রতিটি ব্লক সদর এবং প্রতিটি পঞ্চায়েত এলাকায় সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। ফলে হুগলি জেলাজুড়ে শতাধিক ছোট ছোট সভা অনুষ্ঠিত হবে। একটি প্রশাসনিক সভাকে কেন্দ্র করে এত ব্যাপক সমান্তরাল আয়োজন রাজ্যে প্রায় নজিরবিহীন বলেই মনে করছেন প্রশাসনিক মহল।
এই সভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে লক্ষ লক্ষ উপভোক্তার হাতে রাজ্য সরকারের প্রকল্প ‘আমার বাড়ি’র অনুমোদনপত্র তুলে দেবেন। সেই উপলক্ষ্যে প্রতিটি পঞ্চায়েতে উপভোক্তাদের নিয়ে ছোট ছোট জমায়েত করা হবে। প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক বার্তাও স্পষ্ট, একদিকে জনকল্যাণ প্রকল্পের সূচনা, অন্যদিকে ভোটাধিকার রক্ষার নামে দিল্লি অভিযান।
সব মিলিয়ে সিঙ্গুরের সভা এবং তার পর মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা, দু’টি ঘটনাই আগামীদিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সিঙ্গুরের সভা শেষ করেই সেখান থেকে সরাসরি দিল্লির উদ্দেশে রওয়ানা দেবেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment